‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বক্তব্যে তিনি কারও নাম উল্লেখ না করলেও রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবে, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।” বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।
সরকারের প্রতি জনগণের সমর্থনের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পরিচালনা করছে এবং তার নেতৃত্ব ও কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, আগের সরকার দেশকে জ্বালানি খাতে পরনির্ভরশীল রাখতে নতুন গ্যাসকূপ অনুসন্ধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ অনুসন্ধান ও খননের পরিকল্পনা করছে বলে জানান তিনি।
তিনি বলেন, নতুন গ্যাসের উৎস পাওয়া গেলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।