মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক আলোচিত হত্যা মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সাজেদুল ইসলাম লালু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা। তিনি মনির হোসেনের ছেলে। পুলিশ সূত্র জানায়, লালুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ২৩টির বেশি মামলা রয়েছে। তিনি গজারিয়ায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গজারিয়ার আলোচিত শ্যুটার মান্নান, হৃদয় বাঘ ও জহিরুল ইসলাম জয় হত্যাকাণ্ডের এজাহারভুক্ত প্রধান আসামি হলেন এই লালু। এসব হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
অভিযানে লালুর সঙ্গে গ্রেপ্তার হওয়া তার অপর তিন সহযোগী হলেন— গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং ভাই জসিম (৪৫)। তারা সবাই জহিরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার হাতিরঝিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকায় পৃথক ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।