মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কারখানার মূল ফটকে সাঁটানো নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
হানিওয়েল গার্মেন্টসের সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, সোমবার শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন।
এর ফলে কারখানায় চরম বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে। পাশাপাশি নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে।
কর্তৃপক্ষ বারবার কাজে যোগদানের অনুরোধ করলেও শ্রমিকরা কাজে ফেরেননি, যা ‘অবৈধ ধর্মঘট’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী আজ সকালে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
নোটিশে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা চালুর ঘোষণা দেওয়া হবে। তবে সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিরা এ আদেশের বাইরে থাকবেন।
বন্ধের নোটিশ দেখে সকালে উত্তেজিত শ্রমিকরা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়কটি অবরোধ করেন। এ সময় তারা সব যানবাহন ফিরিয়ে দেন এবং কিছু চালকের সঙ্গে তর্কবিতর্কের ঘটনাও ঘটে।
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।