সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি ই-মেইল [email protected] হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জরুরি জনসচেতনতা বিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্যাকড ই-মেইলটি বর্তমানে সম্পূর্ণ অকার্যকর। হ্যাকার উক্ত ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা বা স্প্যাম পাঠানোর চেষ্টা করতে পারে। তাই ওই ই-মেইল থেকে কোনো ধরনের বার্তা পেলে প্রতিক্রিয়া না জানানো এবং কোনো তথ্য প্রদান না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানায় কোনো বার্তা পাঠাতেও নিষেধ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারি যোগাযোগ সচল রাখতে অস্থায়ীভাবে নতুন ই-মেইল ([email protected])
ঠিকানা ব্যবহার করা হবে।
ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং হ্যাকড ই-মেইল পুনরায় সচল করার কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক বার্তা পেলে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।