আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক মিডিয়া সেলের সম্পাদক ড. সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসন থেকে প্রার্থীতা ঘোষণা করেছেন।
শুক্রবার বিকেলে সেনবাগ উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “এনসিপি কোনো দলের সঙ্গে জোট করবে না, তবে আসনভিত্তিক সমঝোতা হতে পারে। সমঝোতা হোক বা না হোক, তিনশ আসনেই প্রার্থী দেওয়া হবে।” ড. জাকারিয়া মজুমদার একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও গবেষক।
তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন থেকে তুলনামূলক ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে গবেষণা করেছেন। মানবাধিকার, শিক্ষা ও সুশাসন নিয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
মতবিনিময় সভায় জেলা সংগঠক কাজী মঈন উদ্দিন, মো. মামুন হোসেন, মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আমূল পরিবর্তন আনবেন।