হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়ের করা মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সিলেট পলিটেকনিক ছাত্রদল নেতা আল সাইমুম আহাদসহ ১১ জন আসামি জামিন পেয়েছেন।
রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ঘটনার সময়, তারিখ ও স্থান উল্লেখ করা হয়নি। এছাড়া আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগও উল্লেখ নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে জামিন আবেদন করেছি। আদালত শুনানি শেষে আমাদের আবেদন মঞ্জুর করেছেন।”
উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে দিনব্যাপী এনসিপির কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপিসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে কটাক্ষ করে বক্তব্য দেন।
সন্ধ্যায় জেলা শহরের সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সার্কিট হাউজের উদ্দেশে রওনা দিলে কোর্ট মসজিদের সামনে তাদের গাড়িবহরে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে সারজিস আলমসহ এনসিপির নেতাকর্মীরা সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।
ঘটনার পরদিন বুধবার রাতে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।