কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় “সবুজ পৃথিবী, টেকসই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে শুরু হয়েছে সবুজায়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার সকাল ১০টায় মহিপুর এস.আর.ও.এস.বি.এস. লিমিটেডের উদ্যোগে নিজামপুর (৪ নম্বর ইউনিট) গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশে ফলজ ও বনজ গাছের চারা—যেমন রেন্ট্রি, মেহগনি, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। পর্যায়ক্রমে আমাদের কর্ম এলাকার বিভিন্ন ইউনিটে পতিত জমিতে প্রায় দশ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
এ সময় সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্টু ভদ্র, ৪ নম্বর ইউনিট সদস্য সিরাজুল ইসলাম, ৫ নম্বর ইউনিট সদস্য আয়ুব আকন ফিরোজ, সমাজসেবক নুরুল ইসলাম ব্যাপারি, নুরুল আমিন ব্যাপারি, সোহেল ভদ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা ও সংগঠনের সদস্যরা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই উদ্যোগকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।