আমজাদ শিবলু : সেনবাগ
তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট পশ্চিম পাড়া এলাকায় বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে নিয়মিত জামাতে নামাজ আদায়কারী কিশোরদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শুরুতে ১৫ জন কিশোর প্রতিযোগিতায় অংশ নিলেও শেষ পর্যন্ত ৭ জন কিশোর টানা চল্লিশ দিন তাকবিরে উলারসহ নামাজ আদায় করে বিজয়ী হন। পরে যুক্তরাজ্যপ্রবাসী ও মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন পরিবারের সন্তান মোঃ শহিদ উল্যাহ এর অর্থায়নে তাদের স্থানীয় মসজিদের ইমাম সহ প্রত্যেকের হাতে বাইসাইকেল তুলে দেন অতিথিরা।
মঙ্গলবার (২ জুন) বিকালে এ উপলক্ষে আয়োজিত পুরুস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে স্থানীয় কেশারপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরকোট জনকল্যাণ সমিতির সভাপতি ইউনূছ পাটওয়ারী বাচ্চু। এসময় বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক মাষ্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সেনবাগের পরিচালক জনাব মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওবায়দুল হক বাদল পাটওয়ারী সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নামাজ মানুষের জীবনে আত্মিক ও নৈতিক পরিবর্তন আনে। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে শুধু ব্যক্তিগত জীবন নয়, পরিবার ও সমাজেও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। যুবসমাজকে আল্লাহর পথে এগিয়ে আনতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে হলে ইমাম-মুয়াজ্জিন ও সমাজের দায়িত্বশীলদের পাশাপাশি প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে। এ ধরনের উপহার বিতরণ কর্মসূচি তরুণদের নামাজের প্রতি আগ্রহী করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।