ক্যাম্পাসে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের ওপর জোরজবরদস্তির রাজনীতি অব্যাহত রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তাঁর অভিযোগ, ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড ও পরিণতি থেকে শিক্ষা নেয়নি ছাত্রদল।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
সিবগাতুল্লাহ সিগবা বলেন, ছাত্রদলের বর্তমান কর্মকাণ্ডে তাঁদের মনে হচ্ছে, সংগঠনটি ছাত্রলীগের অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। তাঁর ভাষ্য, অতীতে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে দলীয় কর্মসূচিতে যুক্ত করার চেষ্টা করত। সংগঠনটি মনে করত, এভাবেই তাদের টিকে থাকা সম্ভব। বর্তমানে ছাত্রদলের কর্মকাণ্ডেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
শিবিরের এই নেতা আরও বলেন, ক্যাম্পাসগুলোতে বলপ্রয়োগ ও শক্তি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে ছাত্রদল।
শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরজবরদস্তির মাধ্যমে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত করার চেষ্টা কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড ও পরিণতি থেকে শিক্ষা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মতামত ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সিবগাতুল্লাহ সিগবা।