লালমনিরহাট জেলায় রাজনৈতিক মামলার ভিত্তিতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) গভীর রাত ও বুধবার ভোরে হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতা আলাউদ্দিন মিয়াকে ভোররাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
তিনি মুক্তিযুদ্ধের সময় একজন সক্রিয় সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একই সময় গ্রেফতার হন আওয়ামী লীগ নেতা মোকছেদ আলী। তাকেও নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
অন্যদিকে, পাটগ্রাম থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে বুড়িমারী ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ওরফে সেলিম (২৯)-কে গ্রেফতার করে। তাকে রাজনৈতিক সহিংসতা সংশ্লিষ্ট একটি মামলার অন্যতম সহযোগী বলে দাবি করেছে পুলিশ।