রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে গিয়ে মো. রাজ্জাক মল্লিক (৪৫) নামের এক জেলে মারা গেছেন। শনিবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক মল্লিক রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি মৃত ইউসুফ মল্লিকের ছেলে এবং একই এলাকার মুকুল সাহার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে জেলের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষে সাগর থেকে পানি তুলতে গিয়ে হঠাৎ ট্রলার থেকে পড়ে যান রাজ্জাক। ভারি ঢেউয়ের তোড়ে মুহূর্তেই দৃষ্টির আড়ালে চলে যান তিনি। ট্রলারে থাকা অন্য জেলেরা প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় পান।
রাজ্জাকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্না যেন থামছেই না।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি মো. শামিম হাওলাদার বলেন, “স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মুঠোফোনে জানিয়েছে। এখনও মরদেহ তীরে পৌঁছেনি। মরদেহ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”