মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলা জেলার সদর উপজেলাধিন কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় নদীতে ইঞ্জিন বিকল হয়ে পরা ভাসমান ট্রলার থেকে মাঝিসহ ৬২ জন ঈদ যাত্রীকে উদ্ধার করলো কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোন,ভোলা জেলা কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এর নামে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানা যায় যে,শুক্রবার(৬ জুন’২৫) সকাল ১০ টায় ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মাঝের চর এলাকায় লক্ষ্মীপুর হতে ইলিশা লঞ্চঘাটে যাওয়ার পথে ১ টি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে ৬০ জন যাত্রীসহ ভাসতে থাকে।
বিষয়টি ট্রলারে থাকা একজন যাত্রী কোস্ট গার্ডকে অবগত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬০ জন যাত্রী ও ২ জন মাঝিসহ সর্বমোট ৬২ জন কে উদ্ধার করে বোট যোগে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়
এ সময় অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইলিশা নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে,বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।