নূর আলম, দুর্গাপুর,নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরে ঝড়ে গাছ পড়ে বেশ কয়েকটি বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ সরকারের বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। সোমবার (২৮ এপ্রিল) রাতে পৌরশহরের ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরকারের বাড়ির পাশের বিশাল একটি আম গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে।
এতে ঘরের ছাউনি ও আসবাবপত্র সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। তবে ঘরটি দুমড়ে-মুচড়ে গেলেও বিদ্যুৎ সরকার, তার স্ত্রী ও সন্তানরা অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, শুধু বিদ্যুৎ সরকারের বাড়িই নয়, আশপাশের আরও কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির কারণে এলাকার বোরো ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ সরকার বলেন, “রাতে হঠাৎ ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই পাশের গাছটি আমার ঘরের ওপর পড়ে যায়। মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায়, নষ্ট হয়ে যায় আসবাবপত্র ও ফসল।সৃষ্টিকর্তার রহমতে আমার পরিবার প্রাণে বেঁচে গেছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তার দাবি জানিয়েছেন।