মোঃ সাব্বির হোসেন ( লালমনিরহাট প্রতিনিধি):
লালমনিরহাটের পাটগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুড়িমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গ্রেফতারকৃতরা হলেন, বুড়িমারী ইউনিয়ন শাখার সভাপতি মো. সামিউল ইসলাম (২৮), পিতা- মো. অলিয়ারের রহমান, ও সাংগঠনিক সম্পাদক মো. রওশন আলী (২৭), পিতা- মো. শহীদুল ইসলাম, উভয়েই পাটগ্রাম থানা এলাকার উফারমারা গ্রামের বাসিন্দা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে এই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও তিনি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এই গ্রেফতারের ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা এই গ্রেফতারের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। তবে পুলিশ এই দাবি অস্বীকার করেছে।