১৪শ’ মানুষকে হত্যা করে দেশের মানুষের ভয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যু কিংবা কবর—কোনোটিই এ দেশে হবে না।
মঙ্গলবার বেলা ১টার দিকে বরগুনার একটি রেস্টুরেন্টে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, “আমরা কথার ফুলঝুরি শুনতে চাই না। বিভিন্ন বিষয়ে দেওয়া কথাগুলো কাজে পরিণত হতে দেখতে চাই।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের সমস্যা স্বীকার করতে চায় না। চাঁদাবাজি, সন্ত্রাস, দলীয়করণ এবং আওয়ামী লীগের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও করেন তিনি।
সারজিস বলেন, দলীয় পদ-পদবি বিবেচনা করে অপরাধীদের আশ্রয় দেওয়া অব্যাহত থাকলে একসময় বিএনপি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে পারে।
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করেন সারজিস আলম। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় অবিলম্বে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।