মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের লালমোহন উপজেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আগামী ৫ বছরের জন্য ১৯১ সদস্য বিশিষ্ট সতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের লালমোহন উপজেলা সম্মেলন-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চল সমন্বয় কমিটির সদস্য সচিব, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সহসভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, বদলি প্রক্রিয়ার যথাযথ বাস্তবায়ন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে
এমপিওভুক্তকরণ এবং মাদরাসা শিক্ষকদের বিদ্যমান সকল বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথি তার বক্তব্যে শেষে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের লালমোহন উপজেলার আগামী ৫ বছরের জন্য ১৯১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে ঘোষণা করেন। এসময় লালমোহন উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান, সহ-প্রধান, প্রভাষক, শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।