শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল: বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যারাথন-পিঠা উৎসবে উৎসবের আমেজ

সাগরকন্যা কুয়াকাটায় বর্ণিল আয়োজনে চলছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। বীচ ম্যারাথন, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, ঘুড়ি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছে সৈকত। তবে উৎসবের আনন্দের পাশাপাশি হোটেলকক্ষে সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, খাবারের বাড়তি দাম এবং আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকদের কেউ কেউ। প্রত্যাশিত পর্যটক সমাগম না হওয়ায় হতাশা জানিয়েছেন স্থানীয় […]

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল: বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যারাথন-পিঠা উৎসবে উৎসবের আমেজ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৪ অক্টোবর ২০২৬, ১৯:১৬

সাগরকন্যা কুয়াকাটায় বর্ণিল আয়োজনে চলছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। বীচ ম্যারাথন, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, ঘুড়ি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছে সৈকত।

তবে উৎসবের আনন্দের পাশাপাশি হোটেলকক্ষে সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, খাবারের বাড়তি দাম এবং আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকদের কেউ কেউ। প্রত্যাশিত পর্যটক সমাগম না হওয়ায় হতাশা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা

জেসমিন জুঁই এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি স্নেহাশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এ্যাড. মো. মজিবর রহমান টোটন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ, সহ-সভাপতি এইচ এম আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান সাইদ সহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে কার্নিভালের অন্যতম আকর্ষণ ছয় কিলোমিটারের বীচ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শেষ হয় গঙ্গামতি সৈকতে। এতে প্রায় ৮০০ থেকে ৯০০ পর্যটক অংশ নেন। সমুদ্রের অপরূপ সৌন্দর্য, সূর্যোদয় ও সকালের স্নিগ্ধ পরিবেশে ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা। তবে আয়োজনের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষও দেখা যায়।

ম্যারাথন শেষে গঙ্গামতি সৈকতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বাহারি স্বাদের পিঠা ও তার ঘ্রাণে উৎসবস্থলে ছড়িয়ে পড়ে গ্রামবাংলার চিরচেনা আবহ। পর্যটক ও দর্শনার্থীরা পিঠা উৎসবসহ বিভিন্ন আয়োজন উপভোগ করেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিনভর অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বীচ ফুটবল প্রতিযোগিতা। রাতে সাংস্কৃতিক মঞ্চ মাতান চিত্রনায়িকা পূর্ণিমা ও বারিশা হক। পাশাপাশি চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত পরিবেশনা এবং সাদ্দাম মালের কমেডি শো দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

শনিবার দিনভর বীচ ভলিবল ও সেলিব্রিটি ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আগামীকাল রোববার (২৫ অক্টোবর) ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কার্নিভালের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

পর্যটক সমাগম নিয়ে হতাশ ব্যবসায়ীরা

কার্নিভাল ঘিরে কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হবে বলে প্রত্যাশা করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, নানা আয়োজন থাকলেও পর্যটকদের উপস্থিতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি।

অন্যদিকে পর্যটকদের ভিড়কে কেন্দ্র করে আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টে কক্ষসংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সামনে এসেছে। কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের বাড়তি দাম ও রেস্তোরাঁয় খাবারের বিল বেশি রাখার অভিযোগও করেছেন পর্যটকদের অনেকে।

কুয়াকাটায় তিন শতাধিক আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট থাকলেও আগাম বুকিংয়ের কারণে বুকিং ছাড়া আসা পর্যটকদের অনেকে কক্ষ পেতে ভোগান্তিতে পড়েছেন। এমনকি পরিবার-পরিজন নিয়ে আসা কিছু পর্যটককে সৈকতে সময় কাটাতে দেখা গেছে। পর্যটনকেন্দ্রে এমন পরিস্থিতিতে আবাসন ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এর মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন স্থানীয় যুবক রুমি শরিফ। ‘হোটেল জোয়ার ভাটা’ নামে তাঁর প্রতিষ্ঠানে মাত্র ১২০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করা হচ্ছে। তুলনামূলক কম দামে খাবার সরবরাহের এ উদ্যোগ পর্যটকদের মধ্যে সাড়া ফেলেছে।

হোটেল মালিকদের দাবি, নির্ধারিত ভাড়ায় চলছে সেবা

কুয়াকাটা আবাসিক হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ জানান, অধিকাংশ আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। ধারণক্ষমতার তুলনায় পর্যটকের সংখ্যা বেশি হলে কিছুটা কক্ষসংকট দেখা দিতে পারে। তবে অ্যাসোসিয়েশনভুক্ত হোটেলগুলোতে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

কোনো হোটেল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জানানোর পরামর্শ দেন তিনি।

নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি

কার্নিভাল ঘিরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পর্যটনকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পরিদর্শক নাজমুল ইসলাম জানান, কার্নিভালে আগত পর্যটকদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। জেলা পুলিশ, গোয়েন্দা সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী সাদা পোশাকেও নজরদারি চালাবে। পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষ কাজ করছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পৌর প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান জানান, কার্নিভালের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও সেবার বিষয়টি বিবেচনায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পর্যটকদের সঙ্গে কোনো ধরনের অশোভন আচরণ বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।

সব মিলিয়ে বীচ ম্যারাথন, পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কুয়াকাটা সৈকতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে পর্যটন কার্নিভালের সাফল্য শুধু বর্ণিল আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; পর্যটকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা, হোটেল-রেস্তোরাঁয় ন্যায্য মূল্য বজায় রাখা, আবাসনসংকট মোকাবিলা এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠাও সমান গুরুত্বপূর্ণ। উৎসবের আনন্দকে টেকসই পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যটনে রূপ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি ও সমন্বিত উদ্যোগেরগের দাবি জানিয়েছেন আগত পর্যটকরা।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।