হামলা-মামলার শিকার ত্যাগী নেতা-কর্মীরাই ভবিষ্যতে দেশের উন্নয়নের সারথী হবেন বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। একই সঙ্গে দলে ‘হাইব্রিড’ নেতাকর্মীদের কোনো স্থান হবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই থানা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তমিজ উদ্দিন বলেন, দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। তাদের সঙ্গে নিয়েই ধামরাইকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের অপপ্রচারে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের পুনর্গঠনে কাজ করতে হবে। বিএনপির ত্যাগী নেতা-কর্মীরাই আগামী দিনে দল ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ র্যালিতে অংশ নেন। র্যালিটি ধামরাই পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ধামরাই থানা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।