সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মনগড়া তথ্য ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানিয়েছেন, অনলাইনে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং সংগঠিত বট বাহিনীর তৎপরতার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত সংসদ সদস্যদের সংবর্ধনা, চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব অপতৎপরতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চলছে। তবে সরকার সাইবার মাধ্যমে অপপ্রচার ও বট বাহিনীর কার্যক্রম মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে।
এ সময় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানো কোনো সরকারের পুনঃপ্রতিষ্ঠার নজির পৃথিবীর ইতিহাসে নেই। তাই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যেসব আলোচনা চলছে, সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়ে বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিহত করবে। দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সময়ের নানা সংকটের কারণে দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেই অবস্থা থেকে উত্তরণ এবং রাষ্ট্রের বিভিন্ন খাত পুনর্গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরকারের চলমান কার্যক্রমের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির তালুকদার শামীম এবং ড. নিলোফার চৌধুরী মনি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।