বিএনপির কেন্দ্রীয় নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, পাকিস্তানই তাদের উপযুক্ত জায়গা। তাদের পাকিস্তানে পাঠাতে হবে এবং নিজেদের বোর্ডিং পাস প্রস্তুত রাখতে হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাপিয়া বলেন, বিএনপি নেতাদের বোর্ডিং পাস, লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। এর জবাবে তিনি বলেন, ‘রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। নিজেদের বোর্ডিং পাস ঠিক করো।’
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এ দেশে কোনো স্থান হতে পারে না। একই সঙ্গে মুক্তিযোদ্ধা প্রজন্মকে কখনো বাদ দেওয়া হবে—এমন পরিস্থিতিও মেনে নেওয়া হবে না।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। এতে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশসহ স্থানীয় নেতারা।