পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা-২০২৬’ বরিশাল বিভাগ অর্জন করেছেন। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬-এ তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শংকর হাওলাদার। স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।
এ ছাড়া রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রাষ্ট্রীয় ও স্থানীয় কর্মসূচিতে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন শংকর। তাঁর সততা, আন্তরিকতা ও কর্মনিষ্ঠা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর সক্রিয় ভূমিকা ও সহযোগিতায় রতনদী তালতলী ইউনিয়ন ২০২৬ সালের জুলাই মাসে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে।
এ সাফল্যে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তৃণমূল পর্যায়ে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬-এ প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ গ্রহণ শংকর হাওলাদারের কর্মজীবনের অন্যতম বড় অর্জন। তাঁর এ স্বীকৃতি দীর্ঘদিনের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও জনসেবামূলক কাজের মূল্যায়ন বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহলের মতে, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, প্রশাসনিক তথ্য আদান-প্রদান এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শংকর হাওলাদারের এ অর্জন অন্য গ্রাম পুলিশদেরও দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
তাঁর এ সম্মাননা অর্জনে রতনদী তালতলী ইউনিয়নসহ গলাচিপা উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
গলাচিপা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘শংকর হাওলাদার তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে যথাযথভাবে পালন করেছেন। আজকের এই সম্মাননা তার দীর্ঘদিনের দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার যথার্থ স্বীকৃতি।
তার এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরবের বিষয় নয়, বরং উপজেলা প্রশাসন তথা সমগ্র গলাচিপা উপজেলার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমি আশা করি, শংকর হাওলাদারের এই অর্জন গলাচিপা উপজেলার সকল গ্রামপুলিশকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। তার এই সাফল্য অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।’