সখীপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাংগাইলের সখীপুরে গভীর রাতে এক দম্পতিকে ঘরের ভেতর আটকে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আগুন লাগার সময় ঘরটির দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল। এতে ঘরের ভেতরে থাকা দম্পতি মো. লাল মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী বেগম (৩৫) আগুনের মধ্যে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজনের তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাত আড়াইটার দিকে লাল মিয়ার ঘর থেকে আগুনের শিখা বের হতে দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো দেখতে পান তাঁরা। পরে শিকল খুলে ঘরের ভেতর থেকে লাল মিয়া ও তাঁর স্ত্রীকে বের করে আনা হয়।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে তাঁদের ঘরে আগুন দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিতে পারে। তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি।
সখীপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।