নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে উপজেলার রসুলপুর বিলপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ (৩৭), জহিরুল ইসলাম (৩৯), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীন (৪০) এবং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)।
শনিবার (১ আগস্ট) নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আনোয়ারুল আবেদীন খান তুহিনকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, তাঁর নির্দেশনায় আসামিরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ষড়যন্ত্র করছিলেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্যান্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেক হোসেন ভূইয়া, ৩ নং নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান, খোকন সূত্রধর, খুররম খান ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.
ইসমাইল হোসেন, বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নয়ন মিয়া, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত , গাংগাইল ইউনিয়ন যুবলীগের সদস্য রুহুল আমিন এবং বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদির মেম্বার।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।