দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা কমে এসেছে। নতুন করে পাহাড় ধস বা জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে। তবে আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে।
তিনি বলেন, ঢাকায় বর্ষাকালীন স্বাভাবিক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ আরও জানান, ভারতের উজান এলাকায় অতিভারী বৃষ্টি না থাকায় নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার আশঙ্কাও কমেছে। সমুদ্রবন্দরে জারি থাকা ৩ নম্বর সতর্কসংকেত শনিবার সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে, পরে তা প্রত্যাহার করা হতে পারে।
এদিকে, ছোট ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমেছে। বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এ অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস