সুজন আহমেদ নিরব (দৈনিক সকাল, প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কালগড়া মাঠে আগামীকাল শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী হাজীপুর ফুটবল ক্লাব ও শ্যামগ্রাম ফুটবল ক্লাব। ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে হাজারো ফুটবলপ্রেমী মাঠে উপস্থিত হয়ে রোমাঞ্চকর এই লড়াই উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমান সময়ে দেশের খেপের মাঠে আলোচিত দেশি ও বিদেশি তারকা ফুটবলারদের সমন্বয়ে দুর্দান্ত একটি দল গড়েছে শ্যামগ্রাম ফুটবল ক্লাব। অন্যদিকে হাজীপুর ফুটবল ক্লাবও অভিজ্ঞ দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে। ফলে মাঠের প্রতিটি মুহূর্তে জমে উঠবে হাড্ডাহাড্ডি লড়াই—এমনটাই বিশ্বাস ফুটবলপ্রেমীদের।
বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বকাপ। আর্জেন্টিনা ও স্পেনের মতো দুই পরাশক্তির মহারণ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি কালগড়া মাঠের এই ফাইনাল নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অনেকেই মনে করছেন, প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা ও লড়াইয়ের দিক থেকে ম্যাচটি যেন ছোট পরিসরের একটি বিশ্বকাপ ফাইনালের আবহ তৈরি করবে।
শ্যামগ্রাম ফুটবল ক্লাব শুধু শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামে না; তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের পাশাপাশি উদীয়মান ফুটবলারদের তুলে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্লাবটি।
এখন সবার অপেক্ষা আগামীকাল শনিবার বিকেল ৩টার জমজমাট ফাইনালের। শেষ পর্যন্ত কালগড়া মাঠে লাখ টাকার মর্যাদাপূর্ণ এই শিরোপা কার হাতে উঠবে, সেটিই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।