মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া প্রবাসী এক স্বজনকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের আনাম কোল্ড স্টোরেজ সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রহিম শেখ, সূচনা, রাসেল, রবিন শেখ (২৮), রোকসানা (২২), তানহা (১৫), পিংকি (১৪), নুসরাত (৩০) ও মো. আলী (৬০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া প্রবাসী এক স্বজনকে নিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা টঙ্গীবাড়ী উপজেলার উদ্দেশে রওনা দেন।
সকালবেলায় মাইক্রোবাসটি ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি অতিরিক্ত গতিতে ও বেপরোয়াভাবে চলছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রহিম শেখ ও সূচনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।