টাঙ্গাইলের মধুপুর উপজেলার জটাবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (৪ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জটাবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ড. মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাসির
উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা জামায়াতের আমির আব্দুল কাদির, এবি এম সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি বলেন, জটাবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবন শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে এবং তাদের লেখাপড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।