সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর বাসার পাশের একটি ডোবা থেকে পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণ পাশে তার বাসার নিকটস্থ ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পারভীন আক্তার ওই এলাকার মৃত হুমায়ন খানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারভীন আক্তারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে সোহেল রানা ফাহাদ চাকরির সুবাদে ঢাকার সাভারে থাকেন এবং মেয়ের বিয়ে হয়েছে প্রায় দুই মাস আগে। এরপর থেকে পারভীন আক্তার বাড়িতে একাই বসবাস করছিলেন।
গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ছেলে সোহেল রানা ফাহাদের সঙ্গে তার সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ছেলে ও স্বজনরা একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
একই দিন সন্ধ্যায় সোহেল রানা ফাহাদ সখীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে পারভীন আক্তারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পারভীন আক্তারের ছেলে ও মামলার বাদী সোহেল রানা ফাহাদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশিদ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।