মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া জীবিত নবজাতক কন্যা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে রাজধানীর আজিমপুর শিশু মনি নিবাসে রাখা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ময়লার স্তূপ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। হাসপাতালের এক আয়া কান্নার শব্দ শুনে বিষয়টি কর্মরত নার্সদের জানান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধার করার পরপরই নবজাতকটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার স্বার্থে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। তিনি বলেন, “আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব অস্থির হয়ে পড়ি। শিশুটির সর্বোচ্চ নিরাপত্তা ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে ঢামেকে পাঠানো হয়েছে।”
ইউএনও আরও জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নবজাতকটিকে আজিমপুরের শিশু মনি নিবাসে পাঠানো হবে।
এদিকে, মধ্যরাতে ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধারের ঘটনায় গজারিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিশুটিকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।