নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গুরুদাসপুর থানায় অভিযোগ (এজাহার) দায়ের করেছেন এক ব্যক্তি।
এজাহারের বাদী নজরুল ইসলাম দুখু বলেন, গত সোমবার রাত ১১টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে কয়েকজন উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
এতে পাশের বাড়ির একটি শিশু ভয় পেয়ে যায় এবং তার পড়াশোনায় বিঘ্ন ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁর ছোট ভাই আবুল হাসেম চায়ের দোকানে গিয়ে উচ্চস্বরে চিৎকার করতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র, লোহার পাইপ, কাঠের বাটাম ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে আবুল হাসেম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করতে গেলে কামাল মাস্টার, বিলকিছ বেগম ও মিজানুর রহমান মিন্টুও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আবুল হাসেমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর নজরুল ইসলাম দুখু ১১ জনের নাম উল্লেখ করে গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করেন। অভিযোগে তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা নেওয়ার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।