পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুম উপলক্ষে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রান্তিক কৃষক-কৃষাণীদের উৎপাদিত কৃষিপণ্য ও আধুনিক কৃষিযন্ত্র ঘুরে দেখেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা, বিভিন্ন বৃক্ষের চারা এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিএনপি যুগ্ম আহবায়ক মো. আশরাফউজ্জামান এবং গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধিতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকার কৃষকদের উৎপাদন বাড়াতে সারাদেশে বিনামূল্যে কৃষি প্রণোদনা ও কৃষি উপকরণ বিতরণ করছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক কৃষক-কৃষাণীরা আরও বেশি কৃষি উৎপাদনে উৎসাহিত হবেন। পাশাপাশি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রণোদনা প্রাপ্ত কৃষকদের কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে।”