অপপ্রচার ও মানহানির অভিযোগে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন। রোববার চট্টগ্রামের একটি আদালতে দায়ের করা মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুবশক্তির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ এবং এনসিপি কর্মী সানজিদা সুলতানা ইভাসহ আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুন নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগ তুলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সানজিদা সুলতানা ইভা। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাদিয়া আফরিন ও এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়।
সাদিয়া আফরিন দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মামলায় উল্লেখ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ, তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় অভিযোগকারীর বক্তব্যের সঙ্গে ঘটনার বাস্তবতার অসঙ্গতি পাওয়া গেছে।
এদিকে ঘটনাটির সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এনসিপি। সাদিয়া আফরিন বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি আশাবাদী।