নাটোরের গুরুদাসপুরে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে পৌরসভার এক কর্মকর্তা ও একটি বিদ্যালয়ের কর্মচারীসহ সাতজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার উপজেলার জোহা কলেজের পাশের শেখ ছাত্রাবাসে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—গুরুদাসপুর পৌরসভার বাজার পরিদর্শক কামাল পারভেজ (৪৬), খুবজীপুর উচ্চবিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. নাইম শেখ (২৬), খামারনাচকৈড় এলাকার সাগর হোসেন (২৭), আম্মার হোসেন (২৫) ও ফাহিম আল আরাফাত শান্ত (২৬), বামনকোলা গ্রামের সাখাওয়াত হোসেন (৩২) এবং বিল বিয়াসপুর গ্রামের তাফসির তাহমিদ তারিফ (১৯)।
ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাদকবিরোধী কর্মীরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। ফলে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও জরুরি।