মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা পৌর জামায়াতের সাবেক সভাপতি খিজির আহমদকে ২০১৩ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার দিন বড়লেখায় সংঘটিত সহিংসতার ঘটনায় জামায়াতকর্মী লোকমান আহমদ নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় খিজির আহমদ পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, খিজির আহমদ মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। জামিনের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
শনিবার (২০ জুন) সকালে তাঁকে বড়লেখা আমলি আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
খিজির আহমদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিন আগে দায়ের হওয়া মামলায় এ গ্রেপ্তার অপ্রত্যাশিত। তাঁরা তাঁর মুক্তি দাবি করেছেন।
তবে গ্রেপ্তারের বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের কোনো প্রতিক্রিয়া পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি।