চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। অডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “এমপি লোহাগাড়ায় এলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে।” জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত কণ্ঠকে এমপিকে এলাকায় না আসার পরামর্শ দেওয়ার কথা বলতে শোনা যায়।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরমান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো?” তবে অডিও যাচাইয়ের জন্য পাঠানোর অনুরোধ করার পর তিনি আর কোনো মন্তব্য করেননি।
অডিওতে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করার কথাও উল্লেখ রয়েছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, অডিওটির সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।