মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা-র ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে অভিনেত্রীর পাশে দেখা যাওয়া এক নারীকে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা ও কৌতূহল তৈরি হয়েছে।
অনেকেই তাকে পূর্ণিমার ছোটবেলার বান্ধবী বলে দাবি করলেও স্থানীয় অনুসন্ধানে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া ওই নারীর নাম রাজিয়া আক্তার (৫০)। তিনি মিরের বাজার এলাকার “হাজারী কটেজ”-এ বাবুর্চি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি তালটিয়া এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজিয়া আক্তার দীর্ঘদিন ধরে রান্নার পেশার সঙ্গে জড়িত। তার সুস্বাদু রান্নার সুনাম এলাকায় বেশ পরিচিত। বিশেষ করে তার হাতের রান্না অভিনেত্রী পূর্ণিমার পছন্দের হওয়ায় তাদের মধ্যে পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজিয়া আক্তারকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। তবে স্থানীয়দের ভাষ্য, তিনি একজন সাধারণ কর্মজীবী নারী, যিনি নিজের পরিশ্রম, সততা ও রান্নার দক্ষতার মাধ্যমে মানুষের প্রশংসা অর্জন করেছেন।
এদিকে ভিডিওটি প্রকাশের পর পূর্ণিমার ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই ভিডিওটির বিভিন্ন অংশ শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন। তবে ভিডিওতে থাকা নারীকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের মধ্যে বেশ কিছু বিভ্রান্তিকর দাবি থাকায় বিষয়টি নিয়ে সঠিক তথ্য জানার আগ্রহও বাড়ছে।