আমজাদ শিবলু : সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হারুন মিয়া (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজারসংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হারুন মিয়া, মমিন (২২) ও জাহাঙ্গীর (২৪) একসঙ্গে গাঁজা সেবন করছিলেন। এ সময় একই গ্রামের আরাফাত হোসেন ফাহিম, রিফাত (২৩) ও শাকিব (২১) তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন ফাহিমের মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। অন্য জড়িতদের আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।