নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় ছোট বাচ্চাদের খেলাধুলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। অভিযুক্ত সুজন পালিয়ে গেলে তার স্ত্রী অজু আক্তারকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে সোপর্দ করে। শুক্রবার দুপুরে উপজেলার গণ্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা পূর্বপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ছোট ছেলে মেয়েদের খেলাধুলা নিয়ে জামাল মিয়া ও সুজন মিয়ার মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে জামাল মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের তাঁকে উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেলেও এলাকাবাসী তাঁর স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া মারা গেছে।
অভিযুক্ত সুজনের স্ত্রী অজু আক্তারকে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।