আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মে) রাতে উপজেলার নতুন বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক সোহেল বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী মেয়েকে বাড়ি পৌঁছে দিতে অটোরিকশায় তুলে দেন তার বাবা। পথে অভিযুক্ত অশোভন আচরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে মেয়ের মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে চালক পালিয়ে যায়।
পরে রোববার সন্ধ্যায় স্থানীয়রা তাকে নতুন বাজার এলাকায় শনাক্ত করে আটক করে গণপিটুনি দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার স্থানীয় গণমাধ্যম কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।