প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম-কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এর আগে রোববার জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোকজ নোটিশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর বিষয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য দিয়ে রফিকুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। তার মন্তব্য বিএনপির আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থি বলে মনে করছে দলটি।
জানা যায়, গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই।” তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়।
শোকজের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের কারণে রফিকুল ইসলামকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।