দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, দেশপ্রেম ও দূরদর্শিতার মাধ্যমে আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (৩০ মে) নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুর্গাপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। ১৯৭১ সালে দেশের ক্রান্তিলগ্নে নিজের জীবনের তোয়াক্কা না করে ‘আই রিভোল্ট’ বলে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীতে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, আজকের গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি ও কৃষি বিপ্লবের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। রাষ্ট্রক্ষমতায় থেকেও তিনি অত্যন্ত সাধারণ ও সৎ জীবনযাপন করতেন, যার প্রমাণ তার রেখে যাওয়া ভাঙা স্যুটকেস ও ছেঁড়া শার্ট।
নেতাকর্মীদের কেবল ‘হুযুগে’ রাজনীতি না করে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।