কুষ্টিয়া সীমান্তে চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার বিএসএফের প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির তৎপরতা ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের এ প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত ৩টার দিকে সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর নিকট ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১১ ব্যাটালিয়নের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেন। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
ঘটনাটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করা হয়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়। পরে শেওড়াতলা বিওপির বিজিবি সদস্যরা স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করেন। ফলে ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি সূত্র আরও জানায়, ঘটনার পর থেকে সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান। বিশেষ সূত্রে জানা গেছে, চারজন বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছেন।