সাইফুল ইসলাম, কলাপাড়া,পটুয়াখালী :
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে পটুয়াখালীর মহিপুর ও রাঙ্গাবালীতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টার দিকে পটুয়াখালীর মহিপুর থানাধীন হাজীপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের আনুমানিক ১০ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
অপরদিকে, একইদিন রাত ১টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী থানাধীন দাড়ছিড়া নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট রাঙ্গাবালী পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে।
এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাছ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।