মেহেদী হাসান রাতুল , ( সিলেট),
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর শিশু ফাহিমা আক্তার (৪) হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, গত ১১ মে রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল জালালাবাদ থানাধীন সোনাতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জাকির হোসেন (৩০) কে গ্রেফতার করে। তিনি সোনাতলা পশ্চিমপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার মামলা নং-০৪, তারিখ ০৮/০৫/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর নিবিড় জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে এবং গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার দেওয়া তথ্যমতে, বাদাঘাট থেকে শিবেরবাজারের মধ্যবর্তী টেকেরবাড়ি এলাকার একটি খাল থেকে লাশ গুমে ব্যবহৃত ধূসর, সবুজ ও খয়েরি রঙের স্ট্রাইপ দেওয়া একটি শাল উদ্ধার করা হয়। এছাড়া আসামির ঘর থেকে একটি কালো সুটকেস ও ভিকটিমের রক্তমাখা বালি জব্দ করে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, গত ৬ মে সকালে ঘরে একা থাকার সুযোগে আসামি শিশু ফাহিমাকে সিগারেট আনতে পাঠায়। পরে শিশুটি ফিরে এলে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে গেলে গলা টিপে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামি।
পরবর্তীতে লাশ গুমের উদ্দেশ্যে একটি শালে পেঁচিয়ে কালো লাগেজে রাখা হয় এবং পরে খাটের নিচে লুকিয়ে রাখা হয়। এরপর ৮ মে ভোরে লাশ ডোবায় ডুবিয়ে রাখার চেষ্টা করা হলেও তা ভেসে উঠলে পাশের বাঁশঝাড় ও নারিকেল গাছের নিচে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ
প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।