সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদারকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে তাকে জামিন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা কোর্টের পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন। এর আগে সোমবার (৬ এপ্রিল) তাকে ৫৪ ধারায় আদালতে পাঠায় পুলিশ।
বিবি সাওদা জামায়াতে ইসলামীর ভোলা পৌর শাখার কর্মী।
নিজের ফেসবুক আইডিতে সরকার রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গত রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের ওয়েস্টার্ন পাড়া বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে পুলিশ হেফাজতে নেয়। পরদিন সোমবার তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে।
আদালতে দাখিল অভিযোগে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মো. জুয়েল হোসেন খান উল্লেখ করেন, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে সরকার রাজনীতি, রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী) সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন।
তিনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ শান্তিযোগ্য অপরাধের সঙ্গে জড়িত। তার মুঠোফোনটি বা ফেইসবুক পোস্টসমূহ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ তাৎক্ষণিক সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারায় পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ হেফাজতে নেওয়ার ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার আগেই বিজ্ঞ আদালতে সোপর্দ করার সুনির্দিষ্ট আইনগত নির্দেশনা থাকায় তাকে ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মুঠোফোন এবং ব্যবহৃত ফেইসবুক আইডির পোস্টসমূহ পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।