নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও মশা নিধনে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে উপজেলা যুবদল। শনিবার সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং উপজেলা যুবদলের সহযোগিতায় একটি সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সোহরাব হোসাইন লিংকন ও চিকিৎসক শেখ তালাত মাহমুদ পিন্টু।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্যসচিব সোলাইমান হক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন এবং কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আলমগীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।