মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পাঁচগাঁও বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের সামনে প্রায় ১০০ মিটার আরসিসি সড়ক ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে সড়কটির স্থায়িত্ব ও মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটির ঢালাই কাজ বর্তমানে শেষ পর্যায়ে। তবে শুরু থেকেই কাজের মান নিয়ে আপত্তি জানিয়ে আসছেন এলাকাবাসী। তাদের দাবি, নির্ধারিত অনুপাত অনুযায়ী প্রতি ব্যাগ সিমেন্টে ছয় ভাগ খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে আট ভাগ খোয়া দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যবহৃত খোয়ার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
অভিযোগ রয়েছে, সাদা ভরাট বালুর সঙ্গে সিলেকশন বালু মেশানোর নিয়ম থাকলেও তা মানা হয়নি। স্থানীয়রা বাধা দিলে আংশিকভাবে সংশোধন করা হলেও পরে আবারও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তারা।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জিহাদ এন্টারপ্রাইজ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের প্রতিবাদ করায় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন কয়েকজনকে চাঁদাবাজির মামলার হুমকি দিয়েছেন।
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মহিউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, “কাজের সময় কিছু সমস্যা হয়েছিল, পরে তা সমাধান করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”