শাহরিয়ার আহমেদ শাওন -নবীগঞ্জ থেকে
হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বিভিন্ন হাওরে এখন ব্যাপকভাবে বেড়েছে পর্বত জিরা (পুলাও) চালের চাহিদা। বাজারে এই চালের দাম বেশি থাকায় কৃষকদের মাঝে এই ফসল ফলানোর আগ্রহ দিন দিন বাড়ছে। গত কয়েক বছরের তুলনায় এবার নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলোর হাওরে পর্বত জিরা ধানের চাষ অনেক বেশি হয়েছে।
আগে নবীগঞ্জের কৃষকরা বেশিরভাগ মোটা ধান চাষ করতেন। মোটা চালের দাম কম,খরচ বেশি-এই কারণে কৃষকরা লাভের মুখ দেখতেন না। কিন্তু এখন চিত্র পাল্টে গেছে। পর্বত জিরা চালের চাহিদা বাড়ায় কৃষকরা এখন চিকন ধানের দিকে ঝুঁকছেন।
স্থানীয় বাজার,হোটেল ব্যবসায়ী ও চাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেল, পর্বত জিরা চালের চাহিদা বাড়ার ৪টি বড় কারণ আছে –
ভাত ঝরঝরে ও সুগন্ধি-পর্বত জিরা চালের ভাত ঝরঝরে হয়,খেতে সুস্বাদু। রান্না করলে ঘরজুড়ে সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ে। এই কারণে মানুষ এখন মোটা চালের বদলে চিকন চাল খেতে চায়। হোটেল-রেস্টুরেন্টে চাহিদা,নবীগঞ্জসহ হবিগঞ্জের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে এখন পর্বত জিরা চালের ভাতের চাহিদা বেশি। হোটেল মালিক আঙ্গুর বলেন, চিকন চালের ভাত হলে কাস্টমার বেশি আসে।বিয়ে-অনুষ্ঠান।
চাহিদা-বিয়ে,মেহমানদারি, ঈদ-অনুষ্ঠানে এখন সবাই চিকন চালের ভাত খাওয়াতে চান। মোটা চাল দিয়ে এখন আর মেহমানদারি হয় না। শহরে রপ্তানি-নবীগঞ্জের পর্বত জিরা চাল এখন সিলেট,ঢাকা,চট্টগ্রামসহ বিভিন্ন শহরেও যাচ্ছে। পাইকাররা এসে হাওর থেকেই ধান কিনে নিয়ে যাচ্ছেন। একজন চাল ব্যবসায়ী বলেন, _আগে মোটা চালের চাহিদা ছিল।
এখন মানুষ দোকানে এসেই জিজ্ঞেস করে-পর্বত জিরা আছে নি? চিকন চাল ছাড়া ভাত খাইতে ভালো লাগে না।বর্তমানে বাজারে মোটা চালের চেয়ে পর্বত জিরা চালের দাম অনেক বেশি। প্রতি কেজিতে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বেশি দাম পাচ্ছেন কৃষকরা। প্রতি মণ ধানেও কৃষকরা ৩০০ থেকে ৫০০ টাকা বেশি পাচ্ছেন।
এই কারণে কৃষকরা বলছেন,একই জমিতে মোটা ধান চাষ করে যে লাভ হয়,তার চেয়ে পর্বত জিরা ধান চাষ করে দ্বিগুণ লাভ হয়। খরচ প্রায় একই, কিন্তু দাম বেশি। একজন কৃষক বলেন-আগে মোটা ধান চাষ কইরা লাভ হইতো না। এখন পর্বত জিরা চাষ কইরা ভালো লাভ হইতেছে।
বাজারে নেওয়ার আগেই পাইকাররা বাড়ি থাইকা ধান কিনে নিয়া যায়।আরেকজন কৃষক বলেন-আমি এবার ১০ কিয়ার জমিতে পর্বত জিরা লাগাইছি। সামনের বছর আরো বেশি লাগাবো। চিকন চালের চাহিদা দিন দিন বাড়তেছে। হাওরে হাওরে এখন পর্বত জিরা
নবীগঞ্জেরদীঘলবাক,কুর্শি,পানিউমদা,গজনাইপুর, বাউসা,নবীগঞ্জ সদরসহ বিভিন্ন ইউনিয়নের হাওরে এখন পর্বত জিরা ধানের চাষ হচ্ছে। যেদিকে চোখ যায়, সেদিকেই চিকন ধানের ক্ষেত। অগ্রহায়ণ মাসে কাটা ধান এখন শুকিয়ে ঘরে তুলছেন কৃষকরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার নবীগঞ্জে পর্বত জিরা ধানের চাষ প্রায় দ্বিগুণ হয়েছে। আগামী বছর আরো বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা বলছেন, পর্বত জিরা ধানের বীজ ভালো মানের পাওয়া যায় না। বাজারে নকল বীজ বিক্রি হয়। তারা সরকারিভাবে ভালো বীজ, সার ও পরামর্শ চান।