ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তাকে ফেসবুক লাইভে এসে নিজের জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২৭ নভেম্বর) ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি প্রতিবেদন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা …’
দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ওই অডিও অন্তত এক বছর আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। তবে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা—সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
অন্যদিকে, রয়টার্সকে দেওয়া বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক সন্ত্রাসী। প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরিয়ে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে দেশে ফিরতে হবে।