রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে একটি ম্যাকাও পাখি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাখিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বেড়েছে দর্শনার্থীদের আগ্রহ। মাত্র ১০০ টাকা দিয়েই পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন মেলায় আসা দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। বিশেষ করে ম্যাকাও পাখিটির সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটিকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে দেখা যায়, পাখিটির সঙ্গে ছবি তুলতে নির্দিষ্ট স্টলের সামনে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ অপেক্ষা করছেন লাইনে দাঁড়িয়ে। কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিওতে ধারণ করছেন সেই মুহূর্ত।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে আসা দর্শনার্থী ইমরান হাসান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাকাও পাখিটির ছবি দেখেই মেলায় আসার পরিকল্পনা করেন তিনি। জুমার নামাজ শেষে কয়েকজন বন্ধুকে নিয়ে মেলায় আসেন। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর ১০০ টাকা দিয়ে পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পান।
রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আসা আরেক দর্শনার্থী সানি মজুমদার জানান, নির্ধারিত ১০০ টাকা পরিশোধের পর লাইনে দাঁড়িয়ে পছন্দের পাখির সঙ্গে তিন থেকে চার মিনিট ছবি তোলার সুযোগ পাওয়া যায়। তবে প্রধানমন্ত্রী যে পাখিটির সঙ্গে ছবি তুলেছেন, সেটিকে ঘিরেই দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।
ম্যাকাও পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকরা জানান, বিভিন্ন প্রদর্শনীতে ম্যাকাওসহ নানা প্রজাতির পাখির সঙ্গে ছবি তোলার জন্য নির্ধারিত টোকেন মূল্য নেওয়া হয়। এবারের মেলাতেও একই নিয়মে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিন দিনব্যাপী এই মেলায় প্রদর্শন করা হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি। বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি জাতের কুকুর-বিড়ালসহ রয়েছে নানা প্রজাতির পাখি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে ঘিরে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ থাকায় এর স্টলটি হয়ে উঠেছে মেলার অন্যতম আকর্ষণ।